ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
সোমবার (৩০ মার্চ) ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ এই কমান্ডার ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ও নৌ-কৌশল নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করতেন। তার মৃত্যু বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্যমতে, তাংসিরির বিরুদ্ধে ২০১৯ ও ২০২৩ সালে পৃথকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তিনি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ড্রোন উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন।
তার নেতৃত্বে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতা জোরদার হয়, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হিসেবে পরিচিত।
বর্তমান সংঘাতের মধ্যেই তার মৃত্যুর খবর সামনে আসায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইআরজিসি জানিয়েছে, এই ক্ষতি তারা প্রতিশোধের মাধ্যমে মোকাবিলা করবে এবং তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।
এদিকে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে সমুদ্রপথেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

