ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই খার্গ দ্বীপকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এ দ্বীপে যেকোনো হামলার জবাব হবে কঠিন ও চূড়ান্ত।
শনিবার (২৮ মার্চ) দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে ইব্রাহিম রেজাই বলেন, খার্গ দ্বীপে হামলার চেষ্টা করলে হামলাকারীদের পরিণতি ভয়াবহ হবে। তার ভাষায়, যারা এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে, তারা আর জীবিত ফিরে যেতে পারবে না।
খার্গ দ্বীপ ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্রগুলোর একটি। দেশটির জ্বালানি খাতের বড় অংশ এই দ্বীপের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ও সামরিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপ নিয়ে যেকোনো সংঘাত ইরানের জ্বালানি রফতানি ও বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

