স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সাম্য ও সম্প্রীতির বন্ধনে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২০ মার্চ) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, উৎসব এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে ফিরে এসেছে। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। সালাহউদ্দিন আহমদ প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও প্রশান্তি বয়ে আনবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—এটাই আমাদের একান্ত কামনা। তিনি দেশবাসীকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শামিল হওয়ার আহ্বান জানান।

