সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের রায়ে তিনি সন্তুষ্ট। তবে, নির্বাচন ব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে সংশোধন আনা জরুরি।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার এবং সংস্কার পরিষদ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
সুজন সম্পাদক আশা প্রকাশ করে বলেন, অতীত থেকে শিক্ষণীয় পাঠ গ্রহণ করবে রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছেন, যা সরকারকে মেনে নিতে হবে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া মন্তব্য করেছেন, ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে।
বদিউল আলম মজুমদার বলেন, দলীয় বিচারকদের রায়ের মাধ্যমেই সংকটের সূত্রপাত হয়, এবং এর দায় সুপ্রিম কোর্টও এড়াতে পারবে না।

