খুলনা মহানগরীর দৌলতপুরে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিফুল আনাম রাশু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশু খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের পুত্র।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় জানান, হত্যাকাণ্ডের কারণ ও ঘাতকদের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাশু কল্পতরু মার্কেটের ভেতরে একটি দোকানে কেরাম খেলছিলেন। হঠাৎ দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক এসে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনটি গুলি তার মাথা ও ঘাড়ে লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ চলছে।

