নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের উদ্বোধন করেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে খাল খননে অংশ নেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কারণ এতে পানির সমস্যা ও কৃষিকাজের জন্য সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি চালু হচ্ছে।
প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান এবং সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান।
গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই সময় সারা দেশে ৩,৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল এবং বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ নিশ্চিত করার জন্য স্থানীয় জনগণকেও কাজে সম্পৃক্ত করা হয়েছিল।

