ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অংশ নিয়ে পূজা জানান, তার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি এবং জীবনের কোনো এক পর্যায়ে যদি তাকে অভিনয় ও সংসারের মধ্যে বেছে নিতে হয়, তবে তিনি সংসারকেই বেছে নেবেন।
সাক্ষাৎকারে পূজা বলেন, “আমি ছোটবেলা থেকেই সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয়, সংসার ও অভিনয় একসঙ্গে চালিয়ে যাব। তবে যদি মনে হয় একটির জন্য অন্যটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে আমি সংসারকে গুরুত্ব দিয়ে সিনেমা থেকে বিদায় নেব।”
ক্যারিয়ারের শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বিনোদন পাড়ায় বেশ আলোচিত ছিল। পরবর্তীতে শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের মতো সহকর্মীদের সঙ্গেও তার নাম জড়ানো হয়। তবে এসকল আলোচনার কোনোটিরই শক্ত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ তিন বছর বিরতির পর পূজা পুনরায় তার আদি ঘর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন।
ব্যক্তিগত ভাবনার পাশাপাশি নিজের আসন্ন কাজ নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। আগামী ঈদুল ফিতরে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং ভক্তদের হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

