রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিল।
ডা. রফিকুল বলেন, সকালেই মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন, যার মধ্যে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলাম ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।
ডা. রফিকুল আরও জানান, মির্জা আব্বাসের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিন জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি অবহিত হন।

