সংসদে বিরোধী দলের ওয়াকআউটকে দীর্ঘদিনের প্রচলিত রীতি হিসেবে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, “জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক কার্যকর সংসদের জন্য চ্যালেঞ্জ। আমরা সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দল মিলে জনগণের আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে বলে আশা করি।”
সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, “ওয়াকআউট করা দীর্ঘদিনের রীতি। আশা করি, বিরোধী দল এমন কিছু করবে না যাতে ফ্যাসিস্টদের পুনরায় উত্থান ঘটে।”
এর আগে সকালেও স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মরণ করেন। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

