জুলাই সনদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দেওয়া সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “জুলাই সনদ Non-negotiable।” মাত্র চার শব্দের এই স্ট্যাটাসটি কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
প্রকাশের এক ঘণ্টার মধ্যেই স্ট্যাটাসটিতে প্রায় ২৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে এবং প্রায় এক হাজারের বেশি আইডি থেকে মন্তব্য করা হয়। অনেক ব্যবহারকারী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
এদিকে আরেকটি ফেসবুক পোস্টে আগামী সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনতার তিনটি দাবি তুলে ধরেন এনসিপির এই মুখপাত্র।
তার পোস্টে উল্লেখ করা দাবিগুলো হলো—
১. সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
২. রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে।
৩. জুলাই গণহত্যার বিচার করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের পর গঠিত নতুন রাজনৈতিক বাস্তবতায় জুলাই সনদ এবং সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। নতুন সংসদের প্রথম অধিবেশন ঘিরে এসব ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

