মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ৪টি রুটের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করেছে। চারটি রুট হলো: কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম।
সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই রুটগুলোর ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি উন্নতি হলে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমোদন দিলে ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের সময়মতো জানানো হবে। ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

