মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী,সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আকরাম হোসাইন, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ, শিবচর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক আহমেদ, এ.কে.এম. এমদাদুল হক, মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা আব্দুস সালাম ও মোঃ ফারুক হোসাইনসহ স্থানীয় আলেম-ওলামা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাকের আহমেদ এবং সঞ্চালনা করেন মাওলানা বি এম হেমায়েত উদ্দিন। আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষের আত্মিক উন্নয়ন ঘটায় এবং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও নৈতিক দায়িত্ব। জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার লক্ষ্যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, সমর্থক, মাদ্রাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

