গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে অদৃশ্য এক নীরবতায় ঢেকে আছে ইরান। লাখ লাখ মানুষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, সোমবার (২ মার্চ) পর্যন্ত দেশটির ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
খবরটি প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাদের প্রতিবেদনে বলা হয়, এই দীর্ঘ সময়ের বিচ্ছিন্নতায় অনলাইন পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। দেশের ভেতরে যেমন ডিজিটাল কার্যক্রম সীমিত হয়েছে, তেমনি দেশের বাইরে থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগও প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, এই ইন্টারনেট ব্ল্যাকআউট কেবল প্রযুক্তিগত সমস্যা নয়; বরং দেশের চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। অতীতেও এমন ঘটনার নজির আছে। বিশেষ করে গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় টানা কয়েক সপ্তাহ ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছিল।
তবে রাজধানী তেহরান-এ অবস্থানরত সিএনএন–এর প্রতিনিধিরা জানিয়েছেন, গত মাসের মতো এবার পুরোপুরি শতভাগ বিচ্ছিন্নতা তৈরি হয়নি। কোথাও কোথাও সীমিত পরিসরে অনলাইন সংযোগ মিলছে, যদিও তা খুবই অনিয়মিত ও সীমাবদ্ধ।
ধারণা করা হচ্ছে, তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ এবং বড় ধরনের বিক্ষোভ দানা বাঁধতে না দেওয়ার কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতে নীরবতা নামলেও বাস্তবের ভেতরে চাপা উত্তেজনা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে—একটি দেশের ডিজিটাল অন্ধকারে ঢেকে যাওয়ার গল্প যেন সময়ের সঙ্গে আরও গাঢ় হচ্ছে।

