গত কয়েক মাসে দেশে ভূমিকম্পের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন প্রান্তে ১০টি ভূমিকম্প আঘাত হেনেছে। এ পরিস্থিতিতে রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, ভূমিকম্পের প্রাথমিক আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে শহরের খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
দুর্যোগ মোকাবিলার জন্য একটি প্রাথমিক পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রী আরও জানান, এই পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীকে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বিস্তারিত উপস্থাপন করা হবে।
ফেব্রুয়ারিতে দেশজুড়ে ভূমিকম্পের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো: ১ ফেব্রুয়ারি: ঢাকাসহ আশপাশে মৃদু কম্পন, মাত্রা ৩, উৎপত্তিস্থল সিলেট। ৩ ফেব্রুয়ারি রাতে: মিয়ানমারে উৎপত্তিস্থল দুটি কম্পন, মাত্রা ৫.৯ ও ৫.২। ৩ ফেব্রুয়ারি ভোর ৪:৩৬: সাতক্ষীরার কলারোয়া, মাত্রা ৪.১। ৯ ও ১০ ফেব্রুয়ারি: সিলেটের গোয়াইনঘাট, মাত্রা ৩.৩ ও ৪। ১৯ ফেব্রুয়ারি: সুনামগঞ্জের ছাতক, মাত্রা ৪.১। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাক্রমে ৫.১ ও ৪.৬। ২৭ ফেব্রুয়ারি: সাতক্ষীরা, মাত্রা ৫.৪, গভীরতা ৯.৮ কিমি।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘন ঘন কম্পন বড় ধরনের দুর্যোগের সতর্ক সংকেত। সরকারের উদ্যোগে স্বেচ্ছাসেবী প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি ভূমিকম্প মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

