ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর দ্রুতই শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
দেশটির নতুন রেভল্যুশনারি গার্ডস প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদি। রোববার (১ মার্চ) তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
এর আগে ২০২২ সালের দেশজুড়ে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগে বাহিদির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
শনিবারের হামলায় আইআরজিসির সাবেক প্রধান পাকপুরসহ ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন। একই ঘটনায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে জানানো হয়।

