ক্ষেতলাল জয়পুরহাট প্রতিনিধি :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, আমার নাম ব্যবহার করে কেউ কোনো অনিয়ম বা অপকর্ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য কোনো অবনতি হয়নি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আব্দুল বারী আরও বলেন, “প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, তা যথাযথভাবে পালন করা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। কোনো নেতাকর্মীর আচরণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, সকল মানুষের সমান অধিকার ও সুষম বণ্টন নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির,যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম,ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

