মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ বিক্রয় কেন্দ্র চালু করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ফিতা কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সুলভ মূল্যে পণ্য কিনতে আসা ক্রেতা আব্দুল্লাহ বলেন, এখানে ডিম তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। তবে গরুর মাংস ও দুধের দাম বাজারদরের কাছাকাছি হওয়ায় আরও কিছুটা কমানো হলে সাধারণ মানুষের জন্য বেশি সুবিধা হতো।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, আগামী ২৬ রমজান পর্যন্ত সপ্তাহে শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিদিন ১০০ কেজি গরুর মাংস, ৫০০টি মুরগির ডিম এবং ৫০ লিটার গরুর দুধ বিক্রি করা হবে। নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, প্রতি হালি ডিম ৩০ টাকা এবং প্রতি লিটার দুধ ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি মাংস, ২ হালি ডিম ও ১ লিটার দুধ কিনতে পারবেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্য পেতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

