‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নকে ঘিরে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে প্রকাশিত অতিরিক্ত গেজেটে দেখা গেছে, আগের ঘোষিত ফলাফলের তুলনায় মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
সংশোধিত হিসাব অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৬০টি, ফলে বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। অন্যদিকে ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৩টি, যা এখন দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।
এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটে এই সংশোধিত তথ্য প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর ওপর জনমত যাচাই করতে গত ১২ ফেব্রুয়ারি এই গণভোট অনুষ্ঠিত হয়।
সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট মিলিয়ে মোট প্রদত্ত ভোট দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। এর মধ্যে বাতিল ভোট ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬, আর বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
অন্যদিকে, পূর্বের গেজেটে মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ এবং বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬।
বিশ্লেষণে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট কমেছে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০ এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। তবে বৈধ ভোট কমলেও বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।
এই সংশোধনের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করলেও নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনসমর্থন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

