একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে এ মামলার আপিলের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য ছিল।
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় দেন। বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একই মামলায় খান আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।
রায়ে বলা হয়েছিল, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সিরাজকে মৃত্যুদণ্ড এবং আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম হোসেন, যার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাকে খালাস দিয়েছেন।
মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।


