ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব আগামী ১৫ মার্চের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করার জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সংবলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা দিতে হবে এবং ২৫ মার্চের মধ্যে এসব তথ্য ইসিতে পাঠাতে হবে।
উল্লেখ্য, এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল এবং ২৯৯ আসনে মোট ২,০২৮ প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

