ব্যক্তিগত ও পারিবারিক কারণে ডিএমপি কমিশনার পদ থেকে সরে দাঁড়ালেন শেখ মো. সাজ্জাত আলী
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার পদত্যাগপত্র পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তার নিয়োগের একদিন পরই ডিএমপি কমিশনার পদ থেকে পদত্যাগের খবর আসে।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেয়াদ ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই তিনি পদত্যাগ করলেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন, পুলিশসহ বিভিন্ন খাতে নতুন নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ডিএমপি কমিশনারের পদেও নতুন নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

