খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় স্থানীয়দের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে প্রায় ৬ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেতছড়ি ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদক লেনদেনের খবর পেয়ে স্থানীয় যুবক ও এলাকাবাসী সতর্ক তল্লাশি শুরু করেন।
রাত আনুমানিক ১২টার দিকে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ওই ব্যাগ তল্লাশি করে ১৩টি প্যাকেটে রাখা আনুমানিক ৬.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে দীঘিনালা থানা পুলিশ-কে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছেন স্থানীয় যুবসমাজ। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার আওতায় জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে। আলামত হিসেবে গাঁজা আদালতে জমা দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

