ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে এতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে NDTV জানায়, সোমবার সন্ধ্যায় সিমারিয়া এলাকার বারিয়াতু পঞ্চায়েতের ঘন জঙ্গলঘেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা Redbird Airways পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, সিমারিয়ার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সরাজদীপ সিং, সঞ্জয় কুমার, বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধুরু কুমার। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে লাতেহার জেলার বাসিন্দা সঞ্জয় কুমার (৪১) গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি শরীরের ৬৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল বলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

