বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। টানা দুই দফা দাম কমার পর আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এর আগে, সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে একই মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল।
বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৫ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

