আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। অংশগ্রহণের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক, সিডনি পৌঁছায়।
যদিও দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামের সুযোগ সীমিত ছিল, নারী ফুটবলাররা সরাসরি অনুশীলনে নেমেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করেন কোচ পিটার বাটলার।
প্রায় দুই ঘণ্টার অনুশীলনের পর জিম সেশনেও সময় কাটায় দল। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, “ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও খেলোয়াড়রা ফিট এবং কোনো ইনজুরির আশঙ্কা নেই। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে।
এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে, তবে এর আগে বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় ছয় দিন ভ্যালেন্টাইন পার্ক, সিডনি-তে অবস্থান করবে।
বাংলাদেশের জন্য এটি প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ। ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তান।

