পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শপথ নেওয়ার আলাদা কোনো প্রয়োজন নেই; জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। আর ‘না’ ভোটের বিষয়ে পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সে বিষয়েও সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” শহীদ বেদিতে মব সৃষ্টির প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং বাংলাদেশ গড়ার পথে বাধা দেবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।”
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

