ঝিনাইদহ, ২০ ফেব্রুয়ারি, (২০২৬): পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
শুক্রবার দুপুরে কালীগঞ্জ পৌরসভা এলাকায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ তদারকিতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কৃত্রিম সংকট রোধে মনিটরিং করা হয়।
অভিযান শুরু হয় সকাল থেকে। বিভিন্ন মুদি ও ফলের দোকানে তদারকি করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। অভিযানে দুই ফল আমদানিকারককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
নিশাত মেহের বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।”

