শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকায় ঢাকা থেকে আগত নাবিল পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯)। তিনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ বলঞ্চা গ্রামের মো. মোস্তফা কামাল ও মোছা. দরেমা বেগমের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা ও সরবরাহকারী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চালায় ডিএনসি। সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে সন্ধ্যা থেকেই অবস্থান করে তারা। রাত ৮ টার দিকে সোহাগ ট্রেডার্স নামীয় দোকানের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এসে দাঁড়ায় ঢাকা হতে ঠাকুরগাঁও অভিমুখী নাবিল পরিবহন নামীয় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৫-১৯০৬)।
ওই বাসে তল্লাশীকালে বাসের E-1 নং সীটের যাত্রী মো. মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯) এর দেহ তল্লাশী করে তার ডান হাতে ধরা একটি সিনথেটিক ব্যাগের মধ্যে ৩০ টি নীল রংয়ের জিপারযু্ক্ত প্যাকেটের মধ্যে মিথাইল অ্যামফিটামিন যু্ক্ত কমলা বর্ণের মাদকদ্রব্য যার বানিজ্যিক নাম ” ইয়াবা ট্যাবলেট” প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১০(গ) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী খ-সার্কেলের উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং ২২, তারিখ- ১৭.০২.২০২৬।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেপ্তার মাদক মামলার আসামি মো. মোশারফ হোসেন ওরফে মফিজুলকে বুধবার সকালে নীলফামারীর আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

