চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল (৩৫)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেচের জন্য সেলো মেশিন চালাতে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন এনামুল হক রাসেল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদন সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

