ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জয়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই জয়ে মানুষের ভালোবাসা তার কাছে একটি বড় ঋণ, যা তাকে পরিশোধ করতে হবে।
রুমিন ফারহানা বলেন, “কাজ না করলে নিজেকে টিকে রাখা কঠিন। টিকে থাকতে হলে কাজ করতে হবে, আর এর বাইরে আমার কোনো বিকল্প নেই।”
বিএনপিতে পুনরায় আমন্ত্রণ থাকলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “আগে বিএনপি আমন্ত্রণ জানাক, তারপর এ বিষয়ে দেখা যাবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচনে যে দল বা ব্যক্তি ভালো ফলাফল করেছে, তাদের প্রতি তার শুভেচ্ছা থাকবে। প্রত্যেকেই তার অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করবে।
তিনি আরও বলেন, “অভিমান শব্দটি অত্যন্ত দামী। এটি ভীষণ কাছের মানুষ ছাড়া হয় না। দলের আন্দোলন, সংগ্রাম ও ভোটের অধিকারে আমি শরিক ছিলাম। দলের ১৮ মাসের কার্যক্রমও দেখেছি। ৫ আগস্টের পর থেকে প্রতি সপ্তাহে অন্তত ৪–৫ দিন এলাকায় ছিলাম। এই প্রস্তুতি আমার নয়, এটি আমার নেতাকর্মীদের প্রস্তুতি। এই জয়টা আমার নয়, এটি আমার ভোটারের।”

