মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার সামিউল ইসলাম (৩২) এর জীবনের সবচেয়ে আনন্দঘন দিন আজ। কারণ তার বিয়ে। সাদা পাঞ্জাবি, মাথায় বরের টুপি, চোখে-মুখে উচ্ছ্বাস, সব মিলিয়ে ছিল বিয়ের সাজ।
এমন সাজেই এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রছন্দের প্রার্থিকে জেতাতে কেন্দ্রে গেলেন ভোট দিতে। জীবনের এমন বিশেষ দিনেও দেশের প্রতি নাগরিক দায়িত্ব পালনে অবিচল থেকে হয়ে উঠলেন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত।
বৃহস্পতিবার (১২/ ফেব্রুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতার আগেই বেলা ১২টায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সরাসরি হাজির হয়ে ভোট দেন বর সামিউল ইসলাম। তিনি উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মোঃ মনজুরুল ইসলামের ছেলে।
এমন আজব ঘটনায় ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মুহুর্তেই চমকে যান। অপরদিকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে।
ভোট প্রদান শেষে সামিউল ইসলাম বলেন, আজকে পারিবারিক ভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি আজকের দিনটি স্মরণীয় করে রাখতে বিয়ের সাজে ভোট দিতে এসেছি। সেইসাথে আমি তরুণ সমাজকে সঠিক যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান জানাই।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, আজকে ভোট দিতে এসে দেখি বিয়ের সাজে একজন এসেছে সেটি অবাক হওয়ার বিষয়। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব বুঝিয়েছেন।
উল্লেখ্য, জেলায় চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ নারী ও ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন প্রার্থী।

