কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ কয়েকটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সিইসির কাছে জমা দেওয়া লিখিত অভিযোগের সঙ্গে শতাধিক ভিডিও ফুটেজের লিংক সংযুক্ত করা হয়েছে। তবে মোট কতটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি।
মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা-৮ আসনের অন্তত ৩০টি ভোটকেন্দ্র থেকে তাঁদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে দাবি করেন তিনি।
এছাড়া নোয়াখালী-৬ আসনে ভোটের আগের রাত থেকে সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। ঝালকাঠি ও শরীয়তপুরের কয়েকটি কেন্দ্রেও দলীয় এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়িবহরে হামলার অভিযোগও তোলেন তিনি।
অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

