ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা সবাই কেন্দ্রে আসুন। উৎসবমুখর পরিবেশে ভোট দিন। ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।”
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে কেন্দ্রে যান। কোনো ধরনের সমস্যা মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও পরামর্শ দেন তিনি।
ভোটের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী গত রাতে ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। এ নির্বাচন তাদের জন্য আস্থা পুনরুদ্ধারেরও একটি সুযোগ। বাংলাদেশ পুনর্গঠনে আমরা তাদের পাশে পাব বলে আশা করি।”

