নারী নিরাপত্তা শ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
জায়মা রহমান বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে ছাত্র রাজনীতি থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি সুসংগঠিত পাইপলাইন তৈরি ও তা ধরে রাখা জরুরি। ধারাবাহিকতা না থাকলে যোগ্য নারী নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, রাজনীতিতে নারীরা এখনো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পুরুষদের তুলনায় নারীদের জন্য সংযোগ, নিরাপত্তা ও সহায়তার অভাব রয়েছে, যা নারীদের অংশগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
রাজনীতিতে অর্থনৈতিক বৈষম্যের প্রসঙ্গ টেনে জায়মা রহমান বলেন, নারী নেত্রীদের জন্য অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করা হলে রাজনৈতিক অংশগ্রহণের বাধা অনেকটাই কমে আসবে।
তিনি আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের উচিত নিজস্ব কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা, যাতে নারী নেত্রী বা কর্মীদের প্রতি কোনো ধরনের হয়রানি হলে দল দায় নেবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াবে।
তরুণদের মেধা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

