গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস জানান, ১১/০.৪ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা অপসারণের জন্য এই সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
ঘোষণা অনুযায়ী, পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুর মোড়, মুন্নাফের মোড়সহ আশপাশের এলাকায় পর্যায়ক্রমে লাইন বন্ধ রাখা হবে।
রোববার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

