জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার তদন্ত এবং অভিযুক্তদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এতে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত অর্ধশতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগোতে গেলে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী সময়ে বিকেল সোয়া চারটার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে জানানো হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন, জুমা-শান্তাকে বাধা দেওয়া হয়েছে।’ পরে আরও একটি স্ট্যাটাসে বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসার পর পুনরায় রাজপথে ফিরব। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকুন।’ এই বার্তাটি আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও দেওয়া হয়েছে।

