জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সংগঠনটির নেতা ও কর্মীরা সেখানে অবস্থান করছেন।
অবস্থানকারীরা রাতভর যমুনার সামনেই অবস্থান বজায় রেখেছেন এবং আজ শুক্রবারের মধ্যে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানাচ্ছেন।এতে অংশ নিয়েছেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
গত রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আরও একদল মানুষ অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবি জানায়। তারা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করে।আজ সকাল সাড়ে ৯টার দিকে মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান অব্যাহত থাকায় পূর্বঘোষিত ভ্যান র্যালি’ স্থগিত করা হয়েছে।
দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, “জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত করা অপরিহার্য। এর বাইরে আমাদের কোনো দাবি নেই।” তিনি আরও জানিয়েছেন, চিঠি না পাঠানো পর্যন্ত অবস্থান অব্যাহত থাকবে।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা–৮ আসনের ১১‑দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।এদিকে, পুলিশও গতকাল বিকেল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

