লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে।
আটকরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তঘেঁষা আলেয়াপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।অভিযান শেষে আটক দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

