ফুটবলে মেসি–রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। এবার সেই প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেল নিলামের বাজারে। চেলসির সাবেক অধিনায়ক জন টেরির ব্যক্তিগত সংগ্রহে থাকা লিওনেল মেসির একটি ম্যাচ-পরিহিত জার্সি বিক্রি হয়েছে রেকর্ড দামে, যা একই নিলামে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সির দামকেও ছাড়িয়ে গেছে।আমেরিকান নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের আয়োজিত এই বিশেষ নিলামে টেরি তার ক্যারিয়ারে সংগ্রহ করা ৫০টির বেশি স্মারক সামগ্রী তুলেছিলেন। সেখানে সবচেয়ে বেশি আলোচনায় আসে মেসির একটি জার্সি।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগে চেলসি বনাম বার্সেলোনা ম্যাচে ব্যবহৃত মেসির জার্সিটি বিক্রি হয় ১ লাখ ৮৩ হাজার ডলারে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়কার রোনালদোর একটি জার্সির দর ওঠে ১ লাখ ১৫ হাজার ৯০০ ডলার, প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার সমান। ফলে নিলামে দামের বিচারে রোনালদোর জার্সিকে বড় ব্যবধানে ছাড়িয়ে যায় মেসিরটি।
নিলাম শেষে সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করে টেরি জানান, স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ওই ম্যাচে বার্সেলোনা কমলা রঙের বিশেষ কিট ব্যবহার করেছিল, যা খুব কম দেখা গেছে। একজন ডিফেন্ডার হিসেবে পুরো ম্যাচে মেসির কাছাকাছি থাকার সুযোগ পান তিনি। ম্যাচ শেষের দিকে ইচ্ছা করেই আরও কাছে যান, যাতে খেলা শেষে জার্সিটি সংগ্রহ করতে পারেন।এই জার্সিটি এখন ফুটবল ইতিহাসে নিলামে বিক্রি হওয়া চতুর্থ সর্বোচ্চ দামের ম্যাচ-শার্টগুলোর একটি হিসেবে স্থান করে নিয়েছে।
একই নিলামে আরও কয়েকজন কিংবদন্তির স্মারকও বিক্রি হয়েছে। এর মধ্যে ২০০৩ সালে চেলসির বিপক্ষে ম্যাচে পরা থিয়েরি অঁরির একটি জার্সি বিক্রি হয় ৯৩ হাজার ৮২০ ডলারে।

