পারভেজ হাসান, নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে দুইদিনব্যাপী একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার জন্য শক্তিশালী সহায়ক বলে মন্তব্য করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য একথা বলেন।
উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণার ক্ষেত্রে হুমকি নয়, বরং শক্তিশালী সহায়ক। প্রযুক্তির যুগে নিজেকে পিছিয়ে রাখার সুযোগ নেই। এআই সম্পর্কে ভালো ধারণা থাকলে গবেষণার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব। তিনি আরো বলেন, এআই ধীরে ধীরে গবেষণার কাঠামোয় আমুল পরিবর্তন এনেছে এবং একাডেমিক রিসার্চকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও মোঃ সজিব মিয়া।

