সাভারের আশুলিয়ায় জুলাই–আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যা এবং তাদের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ী সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলায় ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে রয়েছেন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি পলাতক।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট ছয়জনকে হত্যা করার পর তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করার অভিযোগও আনা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২১ আগস্ট ২০২৫ সালে মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

