ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত একটি বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার (২৩ জানুয়ারি) উদ্ধার করা হয় শেষ ও দশম মরদেহটি।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের মাকাসার কার্যালয়ের কর্মকর্তা আন্ডি সুলতান জানান, শুক্রবার সকালে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শেষ মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র দুইজন নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন কেবিন ক্রু সদস্য ফ্লোরেন্সিয়া লোলিতা এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দেদেন মৌলানা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি নজরদারি মিশনে নিয়োজিত ছিল বিমানটি।
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত এটিআর ৪২–৫০০ মডেলের বিমানটি গত শনিবার জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাত্রা করে। মারোস জেলার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন রোববার দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। বিমানটিতে সাতজন ক্রু সদস্য ও তিনজন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন। যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্সও উদ্ধার করেছে।

