মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:
দেশের উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রকল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন বিষয়ে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোট উপলক্ষে প্রচারণা ও ভোটারদের সচেতন করতে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটির কারিগরি দিক, অর্থনৈতিক কাঠামো এবং বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করছে। যাচাই-বাছাই শেষে সম্মতি মিললেই দেশের অন্যতম বৃহৎ এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হবে।
উপদেষ্টা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিখাত, সেচব্যবস্থা, বন্যা ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্যে ইতিবাচক পরিবর্তন আসবে। এটি কেবল একটি অবকাঠামোগত উদ্যোগ নয়, বরং দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়নের পথ তৈরি করবে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত সহায়তায় দেশব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

