জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তার দ্বিতীয় সংসার ভেঙে গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছে। এ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা আলোচনা চলছে।
তাহসান জানান, আসলে তারা ২০২৫ সালের জুলাই মাসের শেষ দিক থেকে আলাদা থাকছিলেন। অস্ট্রেলিয়া ট্যুরের আগে—২০২৫ সালের সেপ্টেম্বর মাসে—চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই তিনি সামাজিক মাধ্যম ও নতুন গান থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।
তাহসান বলেন, “সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।”
তিনি ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর প্রথম দিকে সব ঠিকঠাক মনে হলেও কিছু মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সামাজিক মাধ্যমে প্রথম বিবাহবার্ষিকীর দিন দুজনকে একসঙ্গে না দেখায় বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাহসান বলেন, “অ্যানিভার্সারি উদ্যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।”
ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে আগ্রহী নন তাহসান। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন, তবে বিস্তারিত কিছু এখনই জানাতে চান না। তিনি বলেন, “সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত জানাব।।”
শারীরিক ও মানসিক অবস্থার বিষয়েও তাহসান বলেন, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নন, এবং মানসিক অবস্থাও ভালো নয়। বর্তমান সময় কাটাচ্ছেন একা একা ভ্রমণ ও বই পড়ে। তাহসান বলেন, “এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”
শেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, “দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।”

