ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা করেছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।
এছাড়া জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিশনার সানাউল্লাহ সভায় বলেন, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনের জন্য গঠিত সমন্বয় কমিটিগুলিতে সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, ভোটকে সহিংসতা মুক্ত রাখতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখতে হবে।

