ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।
সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ জরুরি অধিবেশন আহ্বান করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানায়।
তিনি ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান। পাশাপাশি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা বা উদ্যোগ গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির ঊর্ধ্বে থাকবে।
এর আগে, শনিবার সকালে ওআইসি সদস্য দেশগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করা হয়।

