ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।
সংগঠনটির তথ্যমতে, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা কার্যক্রম পরিচালনা করছে।
এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামে ৩৩৪টি কারখানা রয়েছে।
ঈদ বোনাস প্রদান করেছে ২ হাজার ২১টি কারখানা, যা মোট কারখানার ৯৪ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি কারখানা শ্রমিকদের বোনাস দিয়েছে।
এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি কারখানা, যা মোট কারখানার ৩৫ দশমিক ৯৪ শতাংশ।
শ্রমিকদের ঈদযাত্রা সম্পর্কিত তথ্যে বিজিএমইএ জানায়, ২৪ মে ঢাকার ১০৮টি পোশাক কারখানার কর্মীরা ছুটিতে কর্মস্থল ত্যাগ করেছেন। আগামী ২৫ ও ২৬ মে যথাক্রমে ৬৬৪টি এবং ৭৭১টি কারখানার শ্রমিকরা ঢাকা ছাড়বেন। আর ২৭ মে ছুটিতে যাবেন আরও ২৫১টি কারখানার কর্মী।

