থাইল্যান্ডের মুকদাহান প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, মাত্র ১১ বছর বয়সী এক শিশু পরিবারের পিকআপ ট্রাক নিয়ে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর গাড়িটি রাস্তার পাশে সারিবদ্ধভাবে হাঁটতে থাকা ভিক্ষুদের ওপর উঠে যায়। এই সময় প্রায় ৩৫ জন ভিক্ষু ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নিয়ে প্রায় ২৬০ কিলোমিটারের পদযাত্রা শুরু করেছিলেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভিক্ষুরা রাস্তার একপাশ দিয়ে সারিবদ্ধভাবে হাঁটছিলেন। এ সময় পিকআপ ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মধ্যে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে গাড়িটি এদিে-ওদিক চলছিল।
পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে তার বয়স কম হওয়ায় শিশু সুরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং শিশুটি কীভাবে গাড়ি চালাতে সক্ষম হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

