এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় এ দুর্ঘটনাগুলো ঘটে।
ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে নিহত হন হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩)। হবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ-এর ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরদিকে রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে।
জানা যায়, হবিবুর রহমান তার চাচার সঙ্গে টগার হাওর সংলগ্ন চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে গেলে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
একই সময়ে জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ এবং শিখা মনি (২৫) গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
অন্যদিকে, তাহিরপুর উপজেলায় আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) বজ্রপাতে নিহত হন। তিনি জামলাবাজ গ্রামের আবু বকরের ছেলে। গ্রামের সামনে একটি হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।
এদিকে জামালগঞ্জ উপজেলায় পাগনার হাওরে কাজ করার সময় বজ্রপাতে নুরুজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচাতো ভাই, যাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

