দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহজনক হামে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি চারজনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ শিশু হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে ৪ হাজার ৫৯ শিশু হাম আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

